সাইফ হাসান: যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ী মর্যাদা বাতিল হতে যাচ্ছে। প্রতি আড়াই বছর পর পর তাদের নতুন করে আবেদন করতে হবে। এমনকি ইউক্রেনীয় শরণার্থীদেরও দেশ নিরাপদ হলে ফেরত পাঠানো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই বিতর্কিত নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলছেন, দেশটির আশ্রয় ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি দেশকে বিভক্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার এই নতুন প্রস্তাবগুলো আনছেন, যা ডেনমার্কের বিতর্কিত মডেলের ওপর ভিত্তি করে তৈরি। বর্তমানে শরণার্থীরা পাঁচ বছর সুরক্ষায় থাকার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারতেন, যা তাদের ব্রিটিশ নাগরিকত্বের পথ খুলে দিত। নতুন নিয়মে, এই স্থায়ী মর্যাদা বাতিল করে প্রতি আড়াই বছর পর পর পর্যালোচনার বিধান রাখা হচ্ছে।
নতুন পরিবর্তনে আরও বলা হয়েছে, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে, তাদের স্থায়ী বসতির জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী তার নীতির পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে তিনি বলেন, অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে এবং মানুষ সিস্টেমের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। তিনি এই সংস্কারকে তার জন্য একটি “নৈতিক মিশন” হিসাবে বর্ণনা করেছেন।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মাহমুদ বলেন, ইউক্রেনীয়রা ভিন্ন একটি অস্থায়ী ব্যবস্থার অধীনে এসেছেন এবং তাদের বেশিরভাগই সংঘাত শেষে দেশে ফিরতে চান। তিনি আরও ইঙ্গিত দেন, যারা যুক্তরাজ্যে কাজ করবে এবং অবদান রাখবে, তারা দ্রুত স্থায়ী বসতি “অর্জন” করতে পারবে।
সরকার আশ্রয়প্রার্থীদের আবাসন ও আর্থিক সহায়তা দেয়ার আইনও সংশোধন করার পরিকল্পনা করছে। নতুন নিয়মে, আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় কেউ আইন ভাঙলে বা অসামাজিক আচরণ করলে তাদের আবাসন বাতিল হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাজ করার অনুমতি আছে, তাদের অবশ্যই কাজ করে নিজেদের ভরণপোষণ চালাতে হবে।
#যুক্তরাজ্য #শরণার্থী #অভিবাসন #বৃটেন #আশ্রয়নীতি















