সাইফ হাসান: বৃটেনে চাইল্ড বেনিফিট নিয়ে মারাত্মক ভুলের অভিযোগ উঠেছে এইচএমআরসি-এর বিরুদ্ধে। হাজার হাজার পাউন্ড ফেরত দেয়ার নোটিশ পেয়ে অনেক পরিবার আতঙ্কে আছে। মূলত ‘জালিয়াতি বিরোধী’ একটি ব্যবস্থার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। হোম অফিসের ভুল ভ্রমণ তথ্যের ওপর ভিত্তি করে অভিভাবকদের সুবিধা বন্ধ করে দেয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, তারা দেশ ছেড়ে চলে গেছেন, যা সম্পূর্ণ মিথ্যা।
লন্ডনের বাসিন্দা তেতিয়ানা, যিনি ২০২২ সালে ইউক্রেন থেকে পালিয়ে এসেছিলেন, তাকে ৩,৭০০ পাউন্ড ফেরত দেয়ার নোটিশ দেয়া হয়। এইচএমআরসি দাবি করে, তিনি ২০২০ সালে স্থায়ীভাবে ইউক্রেনে ফিরে গেছেন। অথচ তেতিয়ানা জানান, ২০২০ সালে তিনি গর্ভবতীই ছিলেন না এবং বৃটেনেও আসেননি। হোম অফিসের ভুল তথ্যের কারণেই এই বিভ্রাট ঘটে।
শারনা ভিনসেন্ট নামে আরেক ভুক্তভোগীকে বলা হয় তিনি পর্তুগাল ভ্রমণে গেছেন, কিন্তু বাস্তবে তিনি তখন সেপসিসের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে জেস পেইন নামে একজন লেকচারারকে মেক্সিকো ভ্রমণের অজুহাতে নোটিশ দেয়া হয়, যদিও সেই ভ্রমণটি তিনি করেননি। জেসকে তার ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং মেডিকেল রেকর্ড জমা দিয়ে প্রমাণ করতে হয়েছে যে তিনি দেশেই ছিলেন।
সারাহ বাটলার তার তৃতীয় সন্তান জন্মের পরপরই ২,৬৮৬ পাউন্ড ফেরতের একটি চিঠি পান। আয়ারল্যান্ড ভ্রমণ থেকে তিনি ফিরে আসেননি, এমন মিথ্যা তথ্যের ভিত্তিতে এই নোটিশ আসে। ভুক্তভোগীরা বলছেন, এই প্রক্রিয়া তাদের মারাত্মক মানসিক চাপের মধ্যে ফেলেছে। তবে এইচএমআরসি ভুলের কথা স্বীকার না করে জানিয়েছে, তারা “সঠিক প্রক্রিয়া অনুসরণ” করেছে।
#বৃটেন #চাইল্ডবেনিফিট #এইচএমআরসি #অভিভাবক #ভোগান্তি















