কেমব্রিজশায়ারের নতুন পুলিশ প্রধান সাইমন মেগিকস দায়িত্ব গ্রহণ করলেন

39

সাইফ হাসান: কেমব্রিজশায়ারের নতুন পুলিশ চিফ কনস্টেবল হলেন সাইমন মেগিকস। তিনি এর আগে নরফোকের ডেপুটি চিফ কনস্টেবল ছিলেন। এবার নিজ জন্মভূমিতেই ফিরে এলেন পুলিশের সর্বোচ্চ পদে। ২৯ বছর আগে যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখানেই আবার নেতৃত্বের আসনে বসেছেন। দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কর্মীদের চাহিদা ও চাপ বুঝে নেওয়ার অঙ্গীকার করেছেন।

৫৪ বছর বয়সি মেগিকস ১৯৯৬ সালে কেমব্রিজে পুলিশি জীবন শুরু করেন। পরবর্তী সময়ে হান্টিংডনশায়ার ও পিটারবরোসহ পুরো জেলায় কাজ করেছেন। পরবর্তীতে সুপারিনটেনডেন্ট হিসেবে পাড়াভিত্তিক নতুন পুলিশিং কৌশল চালু করেন। এছাড়া শিশু ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায়ও বড় ভূমিকা রাখেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে মেগিকস বলেন, “গত ১০ বছরে অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছু একই রকম আছে। আমি জানতে চাই এখন পরিস্থিতি কেমন এবং পুলিশ বাহিনী কীভাবে জনগণের সেবায় আরও উন্নত হয়েছে।”

তিনি স্বীকার করেন বাজেট সংকট পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এটি শুধু কাজের মান নয়, অফিসার ও কর্মীদের মনোবলকেও প্রভাবিত করছে। তাই শুরুতেই তিনি সদস্যদের সঙ্গে কথা বলে বাস্তব সমস্যা বোঝার চেষ্টা করবেন।

পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার ড্যারিল প্রেস্টন বলেন, “স্থানীয় মানুষ হিসেবে সাইমন আমাদের চাহিদা ভালোভাবেই বোঝেন। তার সততা, উদ্যম আর অভিজ্ঞতা কমিউনিটিকে নিরাপদ রাখার কাজে বড় অবদান রাখবে।”