আব্দুল বাছিত রফি: বিরল হাড়ের ক্যান্সারে আক্রান্ত ১৯ বছরের মেসন জেন্ট্রি-ব্রাউন মারা যান। জীবদ্দশায় তিনি গাড়ি ও মোটরবাইকের প্রতি ছিলেন ভীষণ অনুরাগী। মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল বাইকারদের শোভাযাত্রায় বিদায়। সোমবার শতাধিক বাইকার সেই স্বপ্ন পূরণ করলেন। এই বিদায়ে কান্না আর ইঞ্জিনের গর্জন মিলল একসাথে।
মেসন এসেক্সের লওফোর্ডে বেড়ে ওঠেন এবং সাফোকের হ্যাডলিতে বসবাস করতেন। ২০২৪ সালের জুলাইয়ে তার শরীরে ইউইং সারকোমা ধরা পড়ে, যা পরে পেলভিস ও মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসার পর ১৩ মাসের মাথায় তিনি মারা যান।
অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে “মেসনের ফাইনাল রাইড-আউট” নামে শোভাযাত্রা শুরু হয় হ্যাডলির ব্রিজ স্ট্রিট থেকে। সেখান থেকে যাত্রা যায় লওফোর্ড হয়ে মিস্টলির সেন্ট মেরি ও সেন্ট মাইকেল চার্চে। সেখানে অনুষ্ঠিত হয় মেসনের দাফন অনুষ্ঠান।
মেসনের ভাই ক্যালাম বলেন, “সে সবকিছুই ঠিক করে রেখেছিল, আমরা শুধু তার ইচ্ছাগুলো পূরণ করেছি। হাজার ইঞ্জিনের আওয়াজে আজ তাকে বিদায় জানানো হলো।”
কেন্ট থেকে আসা হ্যারি রাউথ ও ক্লোই ক্যাম্পবেল-কিং জানান, তারা শুধু মেসনের জন্যই এই যাত্রায় অংশ নিয়েছেন। সাফোকের হিন্টলেশাম থেকে আসা জেসন বুলার্ড বলেন, “এটা এক আবেগঘন বিদায়, যারা ইঞ্জিন ভালোবাসে তারা একসাথে হয়েছে।”
মেসনের বন্ধু ড্রু লং বলেন, “প্রতিদিন বাইকের সঙ্গেই ছিল ওর সময় কাটানো। আজকের এই বড় উপস্থিতি ওকে আনন্দিত করত। দ্রুতগতির শব্দ আর গর্জনই ছিল তার আসল ভালোবাসা।”















