টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

86

ওয়ানবাংলানিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসে ক্রিকেটের জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। গত বছরের সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো ফিরছে মেয়রস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট, যা বারার ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসব। এবারের আসর হচ্ছে আরও বড় এবং বৈচিত্র্যময়; এতে অংশ নিচ্ছে প্রাপ্তবয়স্ক, নারী এবং জুনিয়র/যুব দলের মোট ৩২টি দল।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার লাইভ ড্র ২১ আগস্ট মাইল এন্ড স্টেডিয়ামে প্রতিযোগী দলগুলোর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই ড্র পরিচালনা করেন কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রেয়েশন, কাউন্সিলার কামরুল হোসেন।

টুর্নামেন্ট শুরু হবে ৩0 আগস্ট এবং ফাইনাল ম্যাচগুলো ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর শনিবার মাঠে নামবে চারটি নারী দল এবং ১২টি জুনিয়র/যুব দল। প্রাপ্তবয়স্ক পুরুষ দলের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।

টাওয়ার হ্যামলেটসে ক্রিকেট খেলায় ব্যাপক বিনিয়োগ এবং গত বছরের মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। ইতোমধ্যে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে আধুনিক ক্রিকেট সুবিধা যুক্ত হয়েছে, এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণ সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা সকল ক্রিকেটপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মাঠে গিয়ে নিজ নিজ দলকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।