(লেখক, রাজনৈতিক ও উন্নয়ন কৌশলবিদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন)
জলবায়ুগতভাবে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত। যার ফলে এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই জলবায়ুর বৈশিষ্ট্য হলো এটি উষ্ণ, আর্দ্র, এবং সমভাবাপন্ন, যা মূলত মৌসুমী বায়ুর প্রভাবে গঠিত হয় এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
আবহাওয়া গত এসব বৈশিষ্ট্যের কারণে
সুজলা, সুফলা, শস্যশ্যামলা আমাদের এই বাংলাদেশ। নদীমাতৃক এই ভূখণ্ডের প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে সবুজ বনানী অবিচ্ছেদ্যভাবে জড়িত। কিন্তু নির্বিচারে বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ আমাদের দেশ ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে পড়েছে।
বাংলাদেশে বন উজাড়ের বাস্তব চিত্র :
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর Forest Resources Assessment 2020 অনুযায়ী, বাংলাদেশের মোট ভূমির মাত্র ১১.২ শতাংশ বনাঞ্চল আকারে বিদ্যমান, যেখানে পরিবেশগত ভারসাম্যের জন্য ন্যূনতম ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। গত তিন দশকে দেশের প্রায় ৫০ শতাংশ প্রাকৃতিক বনভূমি উজাড় হয়ে গেছে।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিবছর গড়ে ২,২০০ হেক্টর বনভূমি বিলীন হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংস্থা (IPCC)-এর সর্বশেষ রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০ বছরের মধ্যে দেশের প্রায় ২৫ শতাংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
পরিবেশগত ঝুঁকি:
বন উজাড় শুধু গাছ হারানো নয়, এর সঙ্গে জড়িত রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি: বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
কৃষি উৎপাদনে প্রভাব: উর্বর ভূমি হারানো এবং মাটি ক্ষয়।
জৈববৈচিত্র্য হ্রাস: বনাঞ্চলের জীববৈচিত্র্য সংকটাপন্ন।
গ্রীনহাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধি : পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
খরা ও পানির সংকট : নদী ও জলাধার শুকিয়ে যাচ্ছে।
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই সুন্দরবনের ম্যানগ্রোভ বন হ্রাস এবং লবণাক্ততার বিস্তার-এর কারণে জীববৈচিত্র্য সংকটে পড়েছে।
নাগরিক দায়িত্ব ও সবু্জায়নে প্রয়োজন চিরসবুজ বাংলাদেশ ও সমন্বিত বনায়নের পরিকল্পনা নেয়া।
পরিবেশগত সংকট থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো সমন্বিত বনায়ন উদ্যোগ। এজন্য কয়েকটি মূল পদক্ষেপ অপরিহার্য :
১. জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির বাধ্যবাধকতা – প্রতিটি নাগরিককে বছরে অন্তত একটি গাছ রোপণ নিশ্চিত করতে হবে।
২. শহরে ছাদ-বাগান ও উল্লম্ব বনায়ন (Vertical Gardening) – ঘনবসতিপূর্ণ নগরগুলোতে বিকল্প সবুজ তৈরি করতে এটি অপরিহার্য।
৩. ফলজ, ঔষধি ও কাঠের গাছের সমন্বিত চাষ অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা একসাথে নিশ্চিত করার কার্যকর উপায়।
৪. সামাজিক বনায়ন কর্মসূচি শক্তিশালীকরণ ও গ্রামীণ জনগোষ্ঠীকে বনায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করা।
৫. কঠোর আইন প্রয়োগ ও অবৈধভাবে বন উজাড়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
৬. বিদ্যালয়ে সবুজ শিক্ষার সম্প্রসারণ– ‘একজন শিক্ষার্থী একটি গাছ’ কর্মসূচি চালু করে নতুন প্রজন্মকে সবুজ আন্দোলনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আন্তর্জাতিক সফল্যের কিছু মডেল-
চীন: ১৯৭৮ সাল থেকে Three-North Shelterbelt Program বা “গ্রিন গ্রেট ওয়াল” প্রকল্পের মাধ্যমে মরুভূমি ঠেকাতে ৩৫০ কোটিরও বেশি গাছ রোপণ করা হয়েছে।
ভিয়েতনাম: সামাজিক বনায়নের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করে বনাঞ্চলের আয়তন ১৯৯০-এর দশকের ২৭% থেকে বর্তমানে ৪১%-এ উন্নীত হয়েছে।
কোস্টারিকা: দেশটি বন উজাড় থেকে পুনর্বাসন করেছে এবং বর্তমানে দেশের ৫২% অঞ্চল বনাঞ্চলে পরিণত হয়েছে, যেখানে ইকো-ট্যুরিজম প্রধান অর্থনৈতিক খাত।
ভারত: ২০১৭ সালে মধ্যপ্রদেশে একদিনে ৬.৬ কোটি গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড গড়েছে।
বাংলাদেশের সবুজ আন্দোলন ও জাতীয় অঙ্গীকার বাস্তবায়ন :
বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। আজকের বনায়ন আন্দোলন আগামী প্রজন্মকে দেবে নিরাপদ, সবুজ ও টেকসই বাংলাদেশ। রাজনৈতিক হানাহানি বা বিভাজনের চেয়ে এখন বেশি জরুরি সবুজ উন্নয়নের জাতীয় অঙ্গীকার।
প্রতিটি নাগরিকের হাতে একটি গাছ, প্রতিটি পরিবারের আঙিনায় একটি ছায়া—এই সমন্বিত প্রচেষ্টাই আমাদেরকে একটি “চিরসবুজ বাংলাদেশ” উপহার দিতে পারবে।














