ভার্চ্যুয়াল কর্মসূচি বাতিল করলেন রানি এলিজাবেথ

293

ওয়ানবাংলানিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত। হালকা লক্ষণ এখনও তার মধ্যে আছে এবং এতে ভুগছেন তিনি। ফলে বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে, এ কারণে মঙ্গলবার ভার্চ্যুয়াল মাধ্যমে তার পরিকল্পিত যে কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা ছিল, তা তিনি বাতিল করেছেন। রাজপ্রাসাদের বিবৃতি উল্লেখ করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। বাকিংহাম প্যালেস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু এখনও করোনাভাইরাসের হালকা লক্ষণে ভুগছেন রানি, তাই তিনি মঙ্গলবার পূর্ব পরিকল্পিত ভার্চ্যুয়াল কর্মকাণ্ডে অংশ নেবেন না। তবে হালকা দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাবেন।

রাজপ্রাসাদের একটি ঘনিষ্ঠ সূত্র সিএনএন’কে বলেছেন, আগামী সপ্তাহে রানির অন্য যেসব কর্মসূচি আছে, সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রোববার রাজপ্রাসাদ থেকে ঘোষণা দেয়া হয়, রানি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
ওই সময় রাজপরিবারের একটি সূত্র বলেছেন, সম্প্রতি উইন্ডসোর ক্যাসেল টিমের বেশ কিছু সদস্যের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। বৃটিশ মিডিয়ার খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নিয়েছেন রানি। এর আগে বাকিংহাম প্যালেস থেকে নিশ্চিত করা হয়েছিল, রানি ও তার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপ দু’জনেই ২০২১ সালের জানুয়ারিতে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ নিয়েছেন। পরে কোনো টিকা নিয়েছেন কিনা সে বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে রাজপ্রাসাদ। এক্ষেত্রে মেডিকেল প্রাইভেসি বা গোপনীয়তাকে উদ্ধৃত করা হয়েছে।