নতুন বছরের শুরুতেই বিক্ষোভে উত্তাল হংকং

222

আন্তর্জাতিক ডেস্ক: হংকং গত বছরের অর্ধেক সময় জুড়েই চলেছে সরকার বিরোধী বিক্ষোভ। নতুন বছরের প্রথম দিনেও বদলায়নি দৃশ্যপট। প্রতিবাদের মাধ্যমেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। বুধবার নানা প্রদেশে বিভিন্ন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল গণতন্ত্রকামী সংগঠনগুলি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে পুলিশ। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে অজস্র বোতল বোমা ছুড়েছে।

বুধবার সকাল থেকেই হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। তাদের প্রায় সবার পরনে ছিলো কালো পোশাক আর মুখে মুখোশ। তারা মিছিল করে কজ়ওয়ে বে দিয়ে হংকংয়ের মূল দ্বীপে যাওয়া যান। অনেকেই সেখানে স্ত্রী, সন্তানদের নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হন। অনেকের হাতেই ছিল স্বাধীনতার পক্ষে নানা পোস্টার-ব্যানার। এতে লেখা ছিলো, ‘হংকংকে স্বাধীন করো’,‘স্বাধীনতা বিনামূল্যে আসে না’।

কিন্তু ওয়ানচাই বার প্রদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে শুরু হয় গণ্ডগোল। হংকং পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা একটি বহুজাতিক ব্যাঙ্কের চত্বরে কিছু জিনিসপত্র ভাঙচুর করলে পরিস্থিতি সামলাতে সেখানেই প্রথম কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

অন্যদিকে বিক্ষোভকারীরা জানান, আন্দোলনের জন্য চাঁদা তুলতে ওই নির্দিষ্ট ব্যাঙ্কেরই একটি অ্যাকাউন্ট এতদিন ধরে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বিনা নোটিশে হঠাৎ করেই সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। বুধবার এ ঘটনার প্রতিবাদে ওই ব্যাংক চত্বরে বিক্ষোভ করতে থাকে গণতান্ত্রপন্থীরা। তবে তারা ভাঙচুর চালানোর অভিযোগ অস্বিীকার করেন। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষও অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ মানতে চাননি। পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচির অন্যতম সংগঠক জিমি শাম আন্দোলনকারীদের তরফে জানান, হংকং প্রশাসনের অনড় মনোভাবের জন্যই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। তার ভাষায়, ‘২০১৯-র দাবি নিয়ে ২০২০ সালেও আমাদের গলা ফাটাতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। আমরা জানি, আরও কঠিন দিন আসছে, আমাদের উপরে পুলিশি নির্যাতন আরও বাড়বে। কিন্তু আমরাও প্রস্তুত।’

মা ও দু’বছরের সন্তানকে নিয়ে বুধবার মিছিলে অংশ নিয়েছিলেন টুং নামের এক যুবক। তিনি বলেন, ‘শুভ নববর্ষ বলার মতো অবস্থায় আমরা নেই। হংকংয়ের মানুষ আনন্দে নেই। পুলিশি অত্যাচারের নিরপেক্ষ তদন্ত না-হলে এবং প্রশাসন আমাদের পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত এখানকার মানুষের জীবনে শান্তি ফিরবে না।’