‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে’

255

ঢাকা সংবাদদাতা: ছয় দিনের সফরে বাংলাদেশ এসেছিলেন ৫ মার্কিন সিনেটর।

বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার আগে তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে।

গত ২০ অক্টোবর নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে পাঁচ সিনেটর বাংলাদেশে আসেন।

এ সময় সিলেট ও কক্সবাজার সফরে যান তারা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ পাঁচ মার্কিন সিনেটর।

রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর ২৬ অক্টোবর সিনেটর লুইস সেপালভেদা গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে, বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

এর পর তিনি বলেন, রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সে জন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাব।