প্রেম করে বিয়ে, তিনদিনের মাথায় আত্মহত্যা

482

ঢাকা সংবাদদাতা: মেহেদির রং শুকানোর আগেই বিয়ের মাত্র তিন দিনের মাথায় কুষ্টিয়ায় কলেজ ছাত্রী এক নববধূ আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন সবাই আত্মগোপন করেছে। বৃহস্পতিবার রাতে কলেজ ছাত্রী নববধূ পাপিয়া খাতুন তার বাবার বাড়িতে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজনদের দাবি, খোকসা সরকারী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী পাপিয়া খাতুনের সাথে একই কলেজের শামীম রেজার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ সেপ্টেম্বর রাতে ছাত্রীর বাবার বাড়ি উপজেলার হিলালপুর গ্রামে তাদের বিয়ে হয়। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেনি ওই ছাত্রের পরিবার। বৃহস্পতিবার বিকেলে নববধূকে তার বাবার বাড়িতে রেখে শামীম নিজের বাড়ি ফিরে যান।

গভীর রাত পর্যন্ত স্বামী শামীম ফিরে না আসায় এ নিয়ে নবদম্পতির মাঝে মোবাইল ফোনে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে রাতেই নববধূ কলেজ ছাত্রী তার নিজ ঘরে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার সকালে পরিবারের লোকজন পাপিয়ার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ফ্যানের সাথে মৃতদেহ ঝুলতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

নিহত নববধূর বাবা ওমর আলী জানান, মেয়েকে রেখে জামাই শামীম রেজা পালিয়ে বাড়ি চলে যাওয়ায় পাপিয়া অভিমানে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে শামীমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তার বাবা রাজ্জাক বিশ্বাসের বাড়ি উপজেলার মির্জাপুরের গিয়েও সেখানে কাউকে পাওয়া যায়নি।

এলাকাবাসীরা জানান, আত্মহত্যার সংবাদ পেয়েই তারা সবাই বাড়ির দরজায় তালা লাগিয়ে আত্মগোপন করে।

খোকসা থানার ডিউটি অফিসার এস আই বুলবুল আহমেদ বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে