হাতিরঝিলে ছুরিকাঘাতে নিহত ১

641

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পথচারীরা ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী কামরুল ইসলাম বলেন, ‘মেরুল থেকে হাতিরঝিলে প্রবেশপথের মুখে ওই তরুণকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসি। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

এদিকে সিরাজুলের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে এক স্বজনের সঙ্গে কথা বলে তার নাম-পরিচয় জানা যায়। তিনি থাকতেন দক্ষিণ বাড্ডায়। চাকরি করতেন ব্র্যাক ব্যাংকের পিয়ন পদে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সিরাজুল ইসলামের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।