ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতরাতে লন্ডনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে খালেদা জিয়ার অংশগ্রহণের মাধ্যমে সর্বদলীয় বৈঠক ডাকার যে প্রস্তাব রেখেছেন, তা বাস্তবায়নের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের এই প্রস্তাব বাস্তবায়ন হলে রোহিঙ্গা নিয়ে দেশ ও জাতি মহাসংকট থেকে পরিত্রাণ লাভ করতে পারবে বলে মনে করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমান বলেছেন রোহিঙ্গা সঙ্কট কেবল দ্বিপক্ষীয় ইস্যু বিবেচনা করলে এই সংকট সমাধান হবে না। এটি একপাক্ষিক কিংবা দ্বিপাক্ষিক নয়, এটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সংকট মোকাবেলা করতে হলে আমাদের জাতীয়ভাবে পলিসি নির্ধারণ করতে হবে। আর এই পলিসি নির্ধারণের জন্য প্রয়োজন সর্বদলীয় বৈঠক।
ওই বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, দেশে-বিদেশে উচ্চপর্যায়ে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণ থাকতে হবে।
তা হলে এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সারাবিশ্ব গুরুত্বসহকারে দেখবে। মিয়ানমারও গুরুত্ব দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভারতের আসামে ১৯ লাখের বেশি মানুষকে নাগরিকত্বহীন করা হয়েছে। শোনা যাচ্ছে, তাদের ঠেলে দেয়া হবে বাংলাদেশে।
এ পরিস্থিতি বাংলাদেশের জন্য আরও একটি বড় বিপদের আশঙ্কা। তাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে প্রতিটি বাংলাদেশিকে এক কাতারে আসা এখন সময়ের দাবি। যে কারণে খালেদা জিয়া ও তারেক রহমান সর্বাগ্রে রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
এই সময়ে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ সঙ্কটে সর্বদলীয় বৈঠক করা প্রয়োজন। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে তার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি বলেন, ১৯৯১ সালের পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করেছেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে কূটনৈতিক সফলতায় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন তিনি। সফলভাবে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করার অভিজ্ঞতা তার রয়েছে বলে জানান রিজভী।















