‘সব নয়, কুয়েতে নিষেধাজ্ঞা কেবল খাদিম ভিসায়’

657

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ‘কেবলমাত্র ভিসা টোয়েন্টির (খাদেম ভিসা) ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্য সব ধরনের ভিসায় লোক নেয়ার সুযোগ পূর্বের ন্যায় চালু আছে।’

জানা যায়, কুয়েতে ভিসা টোয়েন্টি বা খাদেম ভিসার মাধ্যমে বিদেশি গৃহকর্মী নিয়োগ দেয়া হয়। নিয়ম অনুযায়ী একটি কুয়েতি পরিবার এই ভিসার মাধ্যমে এক দেশ থেকে মাত্র একজনকে কাজে নিতে পারেন। এই নিয়মটি অমান্য করায় বাংলাদেশ থেকে শুধুমাত্র খাদেম ভিসায় শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছে দেশটি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ২০১৬ সালে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা ওঠানোর পর থেকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য পেয়েছে যে, খাদেম ভিসার সুযোগ নিয়ে পারস্পরিক যোগসাজশে এক পরিবারে একাধিক বাংলাদেশি কর্মী নেয়া হয়েছে। যারা কুয়েতে যাওয়ার পর অন্যকাজে যোগ দিয়েছে। যা অবৈধ বলে গণ্য।

স্থানীয় আরবি দৈনিক আল জারেদা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে একটি খবর পকাশ করে। যেখানে বলা হয় ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। পরে তা বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশ করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় তিন লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকরা কুয়েত যাওয়ার সুযোগ পান। ২০০৭ সালে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে ‘অনিয়মের’ অভিযোগ তুলে শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছিলো কুয়েত। পরে ২০১৬ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নতুন করে আরো ৮০ হাজার শ্রমিক কুয়েতে গেছেন।