খেলাধুলা ডেস্ক: দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে সমতা আনলো সফরকারী দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের ৪৭৪ রানের বিশাল পাহাড় ডিঙাতে নেমে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে আগের দিনের ১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই কিটন জেনিংসকে হারায় ইংল্যান্ড। সফরকারী বোলারদের তোপে কোনো কার্যকর জুটিই গড়তে পারেনি স্বাগতিকরা। একে একে গ্যারি ব্যালান্স ৪, জো রুট ৮, অ্যালিস্টার কুক ৪২, জনি বেয়ারস্টো ১৬, বেন স্টোকস ১৮ ও মঈন আলি ২৭ রান করে সাজঘরে ফেরেন।
ভারনন ফিল্যান্ডার ও কেশব মহারাজ ৩টি করে এবং ক্রিস মরিস ও ডুয়ান অলিভিয়ার নেন ২টি করে উইকেট।
অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচসেরা হয়েছেন ফিল্যান্ডার।















