এলগার-মার্করামে ছুটছে দ. আফ্রিকা

509

খেলাধুলা ডেস্ক: উইকেটের পুরো সুবিধাই নিচ্ছেন ডিন এলগার ও এইডেন মার্করাম। নিষ্প্রাণ উইকেটে স্বাচ্ছন্দে ব্যাট করছেন তারা। এরই মধ্যে দেড়শ’ রান তুলে ফেলেছেন প্রোটিয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ ওভারে বিনা উইকেটে ১৬৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এলগার ও মার্করাম।
যে স্বপ্ন নিয়ে মার্করামকে দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। তা পূরণ করতে চলেছেন তিনি। অভিষেক ইনিংসেই হাফসেঞ্চুরি পেয়েছেন এ ওপেনার। এর সঙ্গে অভিষেকে হাফসেঞ্চুরি করা নবম প্রোটিয়া ওপেনার বনে গেলেন এ ব্যাটসম্যান। ব্যাট করছেন ৮৪ রান নিয়ে।
এ ম্যাচেও উজ্জ্বল এলগার। মার্করামের সঙ্গে গড়েছেন দুর্দান্ত জুটি। ঘরোয়া ক্রিকেটের সফল এ জুটি টেস্টেও প্রথমবার একসঙ্গে ব্যাট করে দলকে এনে দিলেন দেড় শতাধিক রান।

পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তার সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। কারণ, উইকেট ছিল একেবারে নিষ্প্রাণ, শুষ্ক ও মন্থর। এমন উইকেটে স্বাভাবিকভাবে কিছু করে দেখাতে পারেননি বোলাররা। লাঞ্চের আগে ৫ জন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। তবে কেউই বলার মতো কিছু করতে পারেননি।
ফিল্ডাররাও কিছু করে দেখাতে পারেননি। ব্যক্তিগত ২৮ রানে তাসকিনের বলে ওঠা ক্যাচ পয়েন্টে সময়মতো তালুতে জমাতে পারেননি মুস্তাফিজ। পরে ৩৬ রানে হতে পারতেন রানআউট। তবে সুযোগটা হাতছাড়া করেছে বাংলাদেশ।