ঢাকা সংবাদদাতা: ভারতের অভিজ্ঞতা নিয়ে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর নাক কান গলা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাকে জানিয়েছে, টানা দুই বছর ক্রমাগত পরিষ্কার রেখেছে, সে জন্য তারা আজকে ডেঙ্গুমুক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশের ভারতের, কলকাতার অভিজ্ঞতা নিয়ে আমরা ডেঙ্গু মোকাবিলা করব।’
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকা শহরে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
সরকারিভাবে সকালে এ সংখ্যা ছিল ১৪ জন। তবে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুম ১৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে বেসরকারি তথ্যমতে, এ সংখ্যা আরো বেশি।
বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা, ডেঙ্গু প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ বছর পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকার বলছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে শিশুসহ ৬ হাজার ৮৫৮ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।















