ওয়ানবাংলানিউজ: গত ২২ জুুলাই হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে আগামী ২৮ জুলাই ‘‘প্রবাসীদের অধিকার রক্ষায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে সে ব্যাপারে বিস্থারিত তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি মো. রহমত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী কাউন্সিলর মো. আয়াছ মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করে এসিস্টেন্ট সেক্রেটারী আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, ট্রেজারার মৌলানা রফিক আহমদ, এসিস্টেন্ট ট্রেজারার আব্দুল হান্নান, সদস্য মিসবাহ জামাল ও একাউন্টেন্ট সৈয়দ আহবাব হোসেন।
এতে বলা হয় যে, ‘হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ‘ একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। এর প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও পরিবেশবাদী এডভোকেট মনজিল মোরসেদ। এখানে এ সংগঠনটির ‘ইউকে শাখা’ প্রবাসীদের স্বার্থ রক্ষায়-বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় যে, এ সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে, আগামী ২৮ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় স্থানীয় ব্রাডি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা। যাতে উল্লেখ করা হয় যে, কেন বা কী উদ্দেশ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা জানান যে, প্রবাসীদের নানা সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আর এগুলি সমাধানের কোন লক্ষণই দেখা যাচ্ছে না। প্রধান সমস্যাগুলি হচ্ছে, ভোটাধিকার, স্মার্ট কার্ড বা এনআইডি, বিমান বন্দর, কাষ্টমস, ইমিগ্রেশনের হয়রানী, সরাসরি ফ্লাইট সিলেট থেকে লন্ডনে না থাকায় যাত্রীদের ভোগান্তি প্রভৃতি। তবে এ সবগুলির চাইতে এখন যে সমস্যা নিয়ে প্রবাসীদের দিবারাত্রী ঘুম হারাম হয়ে গেছে সেটি হচ্ছে তাদের জায়গা-জমি সমস্যা। এ সেমিনারে মূলত এ বিষয়টিকেই প্রাধান্য দেয়া হয়েছে। আর আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ এ সময় এ ব্যাপারে যারা ভুক্তভোগী তাদের কথা সরাসরি শুনবেন ও প্রয়োজনে বিনা খরচে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই যারা এ ব্যাপারে সমস্যা জর্জরীত তারা এ সেমিনারে সরাসরি উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা বলার সুযোগ পাবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, এ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছাড়াও ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল শাখা সমূহের দায়িত্বশীল কর্মকর্তাগণ এবং এদেশের বার্মিংহাম, ম্যানচেষ্টার, ব্রাডফোর্ড, লিভারপুল, সুইনডন, লুটন, নিউক্যাসল, স্কটল্যান্ড ও কার্ডিফ শাখার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। তা ছাড়া সৌদি আরবের আমেরিকা ও কানাডা থেকেও বিশেষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।















