লন্ডনে গোলাপগঞ্জ উৎসব ২৮ জুলাই : সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

488

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জবাসীদের নিয়ে আগামী ২৮ জুলাই পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল ২০১৯। এই উপলক্ষে গত ২২ জুলাই দুপুরে সময় লন্ডন বাংলা প্রেসক্লাব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনের শুরুতে গোলাপগঞ্জ ফেস্টিভ্যালের আয়োজক গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সদস্য সচিব এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্য আব্দুল বাছির।

সাংবাদিক সম্মেলনে ট্রাস্টের চেয়ারম্যান এবং ফেস্টিভ্যাল উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বাছিত ফেস্টিভ্যাল আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন গৌছ, ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল, মেম্বারশিপ সেক্রেটারি সালেহ আহমদ, কালচারাল সেক্রেটারি রায়হান উদ্দিন, এসিসটেন্ট ট্রেজারার হাছান আহমদ, ইসি মেম্বার আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রাস্টি ইছবাহ উদ্দিন আহমদ, মিকাইল চৌধুরী, আমেরিকা হতে আগত লেখক ও সাংবাদিক গোলাম সাদাত জুয়েল প্রমুখ।

উল্লেখ্য ২০১৭ সালের ৩১ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের যাত্রা শুরু হলেও এই প্রথমবারের মতো ব্রিটেনে ‘গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানের আয়োজন করেছে নবপ্রতিষ্ঠিত সংগঠনটি। গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধর এতে ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল সফল এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে গোলাপগঞ্জের কমিউনিটি সংগঠক ও অ্যাক্টিভিস্টদের লন্ডন ও বার্মিংহামে নিয়ে বেশ কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সবার অংশগ্রহণে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে।

আগামী ২৮ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে দুপুর ১২ ঘটিকার সময় উদ্বোধন করা হবে গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল। এটি রাত ৮ ঘটিকা পর্যন্ত চলবে। ফেস্টিভ্যালে থাকবে আলোচনা সভা, সেমিনার, প্রকাশনা অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, গুণীজনের কথা, গোলাপগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গোলাপগঞ্জ ফেস্টিভ্যাল উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল বাছিত এবং সদস্য সচিব আব্দুল বাছির লন্ডনে প্রথম উৎসব গোলাপগঞ্জ ফেস্টিভ্যালে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।