লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী : বিমান বন্দরের বাইরে বিএনপির বিক্ষোভ

1203

ওয়ানবাংলানিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে শুক্রবার লন্ডন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।
প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে ’ফ্রি খালেদা জিয়া বেনার ফেসটুন প্রদর্শন করে। বিএনপি নেতৃবৃন্দ বলেছেন যেখানে শেখ হাসিনা সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করবে। এর কারন হিসেবে তারা বলছেন,  বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়া মুক্তি, তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপির সকল স্থরের নেতাকর্মীদের নামে দায়ের কৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে এই বিক্ষোভ। তবে তারা বলছেন শেখ হাসিনা যদি হাসপাতালে ভর্তিহন তবে মানবিক দিক বিবেচনায় বিক্ষোভ দেখাবেনা।