প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তানকে হত্যা করেছিলেন বাবা

1596

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তান রেহানা বেগমকে (১৭) ঘুমন্তবস্থায় হত্যা করেছিলেন বাবা আকছর আলী (৪৫)। সোমবার বিকালে জেলার ৫ নম্বর আমলি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা জানান।
আদালতে ১৬৪ ধারার দেওয়া জবানবন্দিতে আকছর আলী জানান, মেয়েকে হত্যার পর ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশও রক্তাক্ত করেন তিনি। সন্ধ্যায় ঘাতক আছকর আলীকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেহানা দরজির কাজ করত। পাশের আশ্রয়গ্রামের বাসিন্দা লাল মিয়ার (২৫) সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে রেহানার বাবা আছকর তার মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে লাল মিয়ার বিরুদ্ধে চার মাস আগে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেন। তবে উভয় পরিবারই এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে লাল ও রেহানার মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল।
পুলিশ আরও জানায়, এর মধ্যে গত শুক্রবার বিকালে রেহানার মা শাহানা বেগম ছোট মেয়ে রোকশানাকে (৪) নিয়ে পাশের এলাকা হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। পরের দিন শনিবার বিকালে বড় ছেলে আয়াত আলী (২২) তাদের আনতে ওই গ্রামে যায়। তখন ঘরে শুধু আছকর ও রেহানা ছিল। পরে গত রবিবার সকালের দিকে পুলিশ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় রেহানার লাশ উদ্ধার করে।

এরপর আছকর আলী পুলিশের কাছে দাবি করেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে লাল মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরে ঢুকে রেহানাকে জোর করে অপহরণের চেষ্টা চালায়। বাধা দেওয়ায় তারা আছকর ও রেহানাকে ছুরি দিয়ে কোপায়, এতে রেহানার মৃত্যু হয়। আছকরের দেওয়া বর্ণনা অনুযায়ী ওইদিন বিকালেই তার স্ত্রী শাহানা বেগম লাল মিয়াকে প্রধান আসামি করে তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের বাবার কথাবার্তা সন্দেহজনক মনে হলে রবিবার রাতে আছকরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। হত্যার সময় ব্যবহৃত ছুরিসহ ব্লেড উদ্ধার করা হয়েছে। এছাড়া স্ত্রীর দায়ের করা মামলায় তার স্বামী আছকরকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তবে রেহানার সঙ্গে প্রেমের সম্পর্কের সত্যতা স্বীকার করেছেন লাল মিয়া। তিনি বলেন, ‘কুলাউড়া উপজেলার গাজীপুরে এলাকায় চারদিন ধরে এক কাজে রয়েছি। হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে ফাঁসানোর কথা শুনে আমি চোখে অন্ধকার দেখছি।’