সাইফ হাসান: যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট দিয়ে তৈরি করা অভিযোগ ও চিঠির চাপে সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কাজ স্থবির হয়ে পড়ছে। এমপিদের কার্যালয়, স্থানীয় কাউন্সিল, আদালত এবং স্কুলগুলোতে প্রতিদিন হাজার হাজার জটিল ও দীর্ঘ ইমেইল আসছে। চ্যাটজিপিটি বা জেমিনির মতো প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষ মাত্র কয়েক সেকেন্ডে বিশাল আকারের আইনি চিঠি তৈরি করে পাঠাচ্ছেন। এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা এআই ক্লগ বলে অভিহিত করেছেন। এর ফলে সরকারি কর্মীদের কাজের চাপ ও আইনি খরচ বহুগুণ বেড়ে গেছে।
লেবার পার্টির এক এমপির সিনিয়র কেসওয়ার্কার হলি উইকেন্স জানান, ২০২৪ সালে এটি অল্প পরিমাণে শুরু হলেও এখন রীতিমতো বন্যায় রূপ নিয়েছে এবং তাদের কাছে আসা অর্ধেক ইমেইলই এখন এআই দিয়ে লেখা। স্থানীয় সরকার আইনজীবীদের সংগঠন এলএলজির প্রধান নির্বাহী ডেবোরাহ ইভান্স বলেন, আগে যেখানে একটি সাধারণ অভিযোগের চিঠি গড়ে দুই পৃষ্ঠার হতো, চ্যাটবটের কারণে তা এখন বিশ গুণ বড় হচ্ছে এবং সম্প্রতি ২০০ পৃষ্ঠার একটি অভিযোগও জমা পড়েছে। এনফিল্ড কাউন্সিলের নেতা আলেসান্দ্রো জর্জিও জানিয়েছেন, পার্কিং জরিমানা বাতিলের আপিল থেকে শুরু করে সব ক্ষেত্রেই মানুষ এখন এআই ব্যবহার করছে, যা কাউন্সিলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ডেবোরাহ ইভান্স আরও জানান, এআই অনেক সময় সাধারণ অভিযোগকে আইনি মামলার মতো করে সাজায় এবং কানাডার মতো অন্য দেশের অপ্রাসঙ্গিক আইন বা কাল্পনিক তথ্য জুড়ে দেয়। হ্যামিল্টন ন্যাশের বিশেষজ্ঞ জিম মুর বলেন, কর্মীদের পাঠানো এসব চিঠিতে ছোটখাটো ঘটনাকে বিশাল অপরাধ হিসেবে তুলে ধরা হয়, অথচ তারা কী সমাধান চায় তা লেখাই থাকে না। সরকারি হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে জুনের মধ্যে কর্মসংস্থান ট্রাইব্যুনালে মামলার সংখ্যা ২৮ শতাংশ বেড়ে ১৪ হাজারে দাঁড়িয়েছে এবং জুন মাসের শেষে মোট ৭০ হাজার মামলা অমীমাংসিত অবস্থায় ছিল।
অন্যদিকে, ট্রান্সপোর্ট ফর লন্ডন ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৪ হাজার ৭৬৯টি তথ্য অধিকারের আবেদন পেয়েছে, যা আগের চেয়ে ৫ শতাংশ বেশি। ডানফার্মলাইন ও ডলারের লেবার এমপি গ্রায়েম ডাউনির অফিস প্রধান ভনি স্যান্ডলান জানান, এআই দিয়ে তৈরি চিঠির উত্তর দিতে গিয়ে তার কর্মীরা অতিরিক্ত কাজ করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং জিএমবি ইউনিয়নের লিসা গিলমোরের মতে অফিসগুলোতে কাজের চাপ দ্বিগুণ হয়ে গেছে। এই সংকট মোকাবিলায় উইল্টশায়ার ও স্ট্রাউড জেলা কাউন্সিল নিজেরাও এআই ব্যবহারের চিন্তা করছে, আর প্রযুক্তি সাংবাদিক জেমি বার্টলেট সতর্ক করেছেন যে কঠোর নিয়ম বা ফিল্টারিং ব্যবস্থা না নিলে সরকারি সংস্থাগুলো পুরোপুরি অচল হয়ে পড়বে।
#যুক্তরাজ্য #এআই_সংকট #ব্রিটিশ_রাজনীতি #aknews #onebanglanews















