লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

993

ওয়ানবাংলানিউজ: সরকারি’ এক সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে লন্ডন সময় বিকালে তিনি হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন।
এর আগে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হবে শেখ হাসিনার।

শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার। টিউলিপ তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সির বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।