আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ইইউ’র কাছে ব্রেক্সিটের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর যে অনুরোধ জানিয়েছেন তাতেই এবার সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন তিনি।
এ লক্ষ্যে মে মঙ্গলবার জার্মানি এবং ফ্রান্সে যান সবচেয়ে প্রভাবশালী দুই ইউরোপীয় নেতার সমর্থন পাওয়ার জন্য। প্রথমে জার্মানিতে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করতে প্যারিসে গেছেন মে।
চলছে ব্রেক্সিট নিয়ে শেষ মুহূর্তের আলোচনা। ম্যাক্রোকে ব্রেক্সিটের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর অনুরোধে সায় দেওয়ার আহ্বান জানাবেন তিনি। এবার নিয়ে মে দ্বিতীয়বারের মত ব্রেক্সিটের সময় জুন পর্যন্ত বাড়াতে চাইছেন। এর আগে একই সময়ের জন্য ব্রেক্সিটে বিলম্ব করার মে’র অনুরোধ প্রত্যাখ্যান করেছিল ইইউ। সেবার তাকে ব্রেক্সিটের জন্য ১২ এপ্রিল কিংবা সর্বোচ্চ ২২ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
সে সময় অনুযায়ী এখনো ১২ এপ্রিলই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) শেষ সময়সীমা। এ সময়ই এখন ফের জুন পর্যন্ত বাড়ানোর চেষ্টা চলছে। মে এ বাড়তি সময়ের অনুরোধ জানিয়ে গত শুক্রবার ইইউ’কে চিঠির লেখার পর ফ্রান্স তাতে রাজি না থাকার ইঙ্গিত দেয়। কিন্তু ব্রেক্সিটের সময় বাড়াতে হলে এতে ২৭ টি ইইউ দেশেরই সম্মতি থাকতে হবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি’রা এরই মধ্যে মে’র সময় বাড়ানোর এ পরিকল্পনা অনুমোদন করেছে। এখন বাকী ইইউ’য়ের সম্মতি। মে মঙ্গলবার জার্মানিতে গিয়ে চ্যান্সেলর আঙ্গেলা ম্যর্কেলের সমর্থন পেয়েছেন। সুশৃঙ্খলভাবে যুক্তরাজ্যের ব্রেক্সিট নিশ্চিত করার গুরুত্বের ব্যাপারে একমত হয়েছে মের্কেল। তিনি বলেন, ইইউ নেতারা বুধবারের সম্মেলনে ব্রেক্সিটের সময় একবছর বাড়ানো নিয়ে আলোচনা করবে।
ওদিকে, লুক্সেমবার্গে ইইউ’র জেনারেল এফেয়ার্স কাউন্সিলের বৈঠকের পর কূটনীতিকরা বলেছেন, ইইউ’র অনেক সদস্যই ব্রেক্সিটের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর পক্ষে কথা বলেছে। আর সময় এর চেয়েও বেশি বাড়ানোর পক্ষে মত আছে সংখ্যাগরিষ্ঠের। তবে সেক্ষেত্রে সময় কতদিন পর্যন্ত নির্ধারণ করা হবে- ডিসেম্বর ২০১৯ নাকি ২০২০ সালের মার্চ পর্যন্ত তা নিয়ে এখনো মতৈক্য হয়নি, বলেছেন ব্রাসেলস থেকে বিবিসি’র এক সংবাদদাতা।
সূত্র: বিডিনিউজ















