ঢাকা সংবাদদাতা: ডাকসুর পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে নবনির্বাচিত এজিএস (সহ সাধারণ সম্পাদক) সাদ্দাম হোসেন বলেছেন, ‘এ দাবির কোনো যৌক্তিকতা নেই।’
পুনর্নির্বাচনের দাবিতে করা একাধিক ছাত্রজোটের আন্দোলন প্রসঙ্গে সাদ্দাম বলেন, ‘তারা প্রহসনের আন্দোলন করছে।’
আজ বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন নবনির্বাচিত এজিএস সাদ্দাম। তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
গত সোমবার ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ছাত্রলীগ। ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী রেজওয়ানুল হক শোভন পরাজিত হন। তবে এজিএস পদে বিপুল ভোট পেয়ে জয়ী হন ছাত্রলীগের সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলোর আন্দোলন প্রসঙ্গে সাদ্দাম সাংবাদিকদের বলেন, ‘এ দাবির কোনো যৌক্তিকতা নেই। আমরা নিজেরাও জানি শুধুমাত্র সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য নির্বাচনে হারের যে ফল তারা পেয়েছে এখান থেকে সেফ এক্সিট খোঁজার জন্যই এমন করছে।’
সাদ্দাম বলেন, ‘তারা প্রহসনের নির্বাচনের কথা বলছে, এটা প্রহসনের নির্বাচন নয় তারা আসলে প্রহসনের আন্দোলন করছে।’















