ঢাকা সংবাদদাতা: বিশিষ্ট কবি ও লেখক ফরহাদ মজহার ‘নিখোঁজ’ হওয়ার দিন প্রতি ঘণ্টায় তাঁর খবর রাখা হচ্ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ওই সময় তাঁর মোবাইল নম্বরটি ট্র্যাক করা হচ্ছিল।
বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
ফরহাদ মজহারের অপহরণ বা নিখোঁজের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা এগুলো সব খতিয়ে দেখেছি, কীভাবে গিয়েছেন, কী নিয়ে তিনি বের হয়েছেন, কয়টার সময় বের হয়েছেন, প্রতি ঘণ্টার খবর আমরা রেখেছিলাম। তাঁর মোবাইলকে ট্র্যাক করতে করতে এবং দুপুরে তিনি এক হোটেলে খাওয়া-দাওয়া করেছেন এবং বাসে উঠে গিয়েছিলেন সেই সময় তাঁকে আমাদের পুলিশ বাহিনী আইডেন্টিফাই করেছে এবং তাঁকে ডিটেক্ট করে আমরা নিয়ে আসছিলাম কাস্টডিতে। কাস্টডিতে আনার উদ্দেশ্য ছিল তাঁর জবানবন্দি নেওয়া। আমরা তাঁর জবানবন্দি নিয়েছি, ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন। এবং সেই অনুযায়ী আমরা একটা মামলাও আমরা করেছি। একটা মামলা করেছি, মানে মামলা হয়েছে আর কি। মামলাটার তদন্ত রিপোর্ট আমরা খুব শিগগিরই প্রকাশ করব।’
এ সময় মন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















