সরকারের নৈতিক পরাজয় হয়েছে: মির্জা ফখরুল

414

ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ইতিমধ্যে নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বৈঠক করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ইতিমধ্যে নৈতিক পরাজয় হয়েছে। কারণ নির্বাচন মোকাবেলা করবার জন্য তাদেরকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে।

তিনি বলেন, সমস্ত দেশের মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের লক্ষ্য তারা ঐক্যবদ্ধ। আর তারা সবাই ড. কামাল হোসেনের নেতৃত্বে ধানের শীষকে জয়ী দেখতে চায়। এসময় মির্জা ফখরুল, ড. কামাল ও বঙ্গবীর কাদের সিদ্দিকী ধানের শীষ প্রতীক তুলে ধরেন।

গণমাধ্যমের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্ব সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আর মাথা নত না করে জনগণের বিষয়গুলো তুলে ধরা।

সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ প্রমুখ ছিলেন।