ঢাকা সংবাদদাতা: ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি একটু শঙ্কা বোধ করি যে, আমি ক্ষতিগ্রস্ত যাই হই না কেন, আমার কর্মীরা তাঁর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রতিদিন এভারেজ, আমার বাড়ির চারপাশ থেকে কম বেশি পাঁচ থেকে দশজন লোক নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিদিন। ’
আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।
আব্বাস জানান, প্রতিদিনই সাদা পোশাকের পুলিশ দ্বারা তিনি অবরুদ্ধ থাকেন বাসায়। প্রচারণায় বের হলেই আসে বাধা।
তবে, ধানের শীষের প্রার্থী যখন এই অভিযোগ করছেন, তার আগে দুপুরে আরামবাগে নির্বাচনী প্রচারণায় বড় শোডাউন করেছেন একই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
দুপুরে আয়োজিত সভায় মেনন বলেন, ‘আসুন, এবারের বিজয় দিবসের পরে আরেকটি বিজয় দিবস উদযাপন করি। নৌকার বিজয়, স্বাধীনতার বিজয়।’
অন্যদিকে, ভোটারদের কাছে আজও ছুটে যান ঢাকা-৯ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোটের সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় ঐক্যফ্রন্টের আফরোজা আব্বাস। এখানে অবশ্য অভিযোগ জানিয়েছেন দুইপক্ষই।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘কেননা আমরা চাই যে, সকল দল তাদের চিন্তা নিয়ে, পরিকল্পনা নিয়ে, মানুষের কাছে যাবে। তবু একতা সংশয়ের জায়গা থেকে যায়। কেননা, আমরা এখনও পর্যন্ত উনাদের যে প্রচার প্রচারণাগুলো দেখলাম, সেখানে দেখছি যে, তারা আসলে উত্তেজনা সৃষ্টি করছে। ’
এদিকে, প্রচারণায় বাধার অভিযোগ তুলে আফরোজা আব্বাস বলেন, ‘আমি যেভাবে চাচ্ছি যে জনগণের কাছাকাছি যাব। ওই জায়গাটা পাচ্ছি না। আমাদেরকে বলছে শুধু সোজা রাস্তায় হেঁটে যেতে আরকি। তো জনগণই এসে আমাদের কাছ থেকে লিফলেট নিচ্ছে আরকি। কিন্তু আমি লিফলেট দেওয়ার জন্য একচুয়ালি জনগণের কাছে যেতে পারছি না।’
এছাড়া আজ সকালে জুরাইন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গত কয় বছর তো তারা ভোট দিতে পারেনি। তাদের আমানত, নষ্ট হয়ে গেছে। এবার বলেছি আমি,আপনাদের আমানতের যাতে খেয়ানত না হয়। আমরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে থাকব। আমাদের নেতাকর্মীরা থাকবে। আপনারা কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।’
এদিকে, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান নির্বাচনী প্রচারণায় নেমে রায়েরবাজারে গণসংযোগ করেন। সাদেক খান বলেন, পরাজয় নিশ্চিত জেনে অপপ্রচার চালাচ্ছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
সাদেক খান বলেন, ‘প্রশ্নই ওঠে না, আমরা সবাই সম্মিলিতভাবে নির্বাচন করছি। বাধার প্রশ্নই ওঠে না। আজকে আপনারা দেখতে পারছেন যে, হাজার হাজার লক্ষ জনতা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, নৌকাকে বিজয়ী করার জন্য।’















