নারী ম্যাজিস্ট্রেটকে ‘রাতে বাংলোতে ডাকা’ সেই জেলা প্রশাসক বদলি

463

ঢাকা সংবাদদাতা: অবশেষে বদলি হলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) গোলামুর রহমান। রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাটোরের ডিসি গোলামুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থানে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহ রিয়াজ।

গোলামুর রহমানের বিরুদ্ধে এক নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির বিষয়ে গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেন এক নারী ম্যাজিস্ট্রেট। গত ২ নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেট নাটোর থেকে বদলি হয়ে চলে যাওয়ায় যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গোপন ছিল। পরে ২২ নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেটের অভিযোগপত্রটি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছায়।

অভিযোগপত্রে ওই নারী ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। তিনি যোগদানের পর প্রথমে ওই নারী ম্যাজিস্ট্রেককে সাধারণ শাখা ও ট্রেজারি শাখা থেকে সংস্থাপন শাখায় বদলি করেন। পরে জেলা প্রশাসক সংস্থাপন শাখায় রক্ষিত সব কর্মকর্তার ব্যক্তিগত নথি নিয়ে তার সঙ্গে ওই নারীকে একান্তে বসে কথা বলতে বলেন। এমনকি রাতে বাংলো (যেখানে ডিসি একা থাকেন) অথবা সার্কিট হাউসে আসতে বলেন। তবে নারী ম্যাজিস্ট্রেট তার এ প্রস্তাব ফিরে দেন। পরে ডিসি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারীর ম্যাসেঞ্জার ও মুঠোফোনে কু-প্রস্তাব দেন। এ ছাড়া মাঝে-মধ্যে কাজের কথা বলে গভীর রাতে কল দিয়ে আপত্তিকর কথা বলেন ডিসি।