বিএনপিতে যোগ দিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

522

ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাসখানেক আগে বিএনপিতে যোগ দিয়ে চমক দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটিতে যোগ দেন তিনি।

বিএনপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, সজ্ঞানে স্বশরীরে আমি বিএনপিতে যোগদান করলাম। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। বাঙালি জাতীয়তাবাদের আদর্শ থেকে আমি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে এখানে এসেছি।

নির্বাচনে মনোনয়ন পেতে বিএনপিতে এসেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মাথায় সব সময়ই নির্বাচন মাথায় থাকে। মনোনয়ন চাইব না একথা বলা হবে ডাহা মিথ্যা কথা। মনোনয়ন না পেলে দল ছেড়ে চলে যাব একথাও সত্যি নয়। আমি আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকবো।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিয়েছেন এতে আমরা আনন্দিত। সারা দেশের মানুষ এতে অনুপ্রাণিত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দলে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, উনি দলে যোগ দিয়েছেন, উনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

এর আগে, সোমবার সকালেই বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছিলেনন গোলাম মাওলা রনি। তিনি বলেছিলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবো।

এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে, দেখা হবে বিজয়ে।