ওয়ানবাংলানিউজ: হাউন্সলো মুসলিম সেন্টার আয়োজিত ফান্ড রেইজিং ডিনারে বক্তারা হাউন্সলো শহরের প্রাণকেন্দ্রে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। ১৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ওয়েষ্ট লন্ডন এলাকার অভিজাত একটি হোটেলে মুসলিম এইড কর্মকর্তা মোহাম্মাদ আবুল কালামের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে কীনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ফিন্সবারী মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ মাহমুদ, মুসলিম কাউন্সিল অব বৃটেনের (এমসিবি) সেক্রেটারী জেনারেল হারুন খান এবং বিশিষ্ট ব্রডকাষ্টার ও চ্যারিটি এক্টিভিষ্ট ইমাম আজমাল মাসরুর ও স্থানীয় চ্যারিটি সংস্থা হায়া’র কর্মকর্তা সুহেল মিয়া। ফান্ড রেইজিং অনুষ্ঠানে মসজিদের জন্য প্রায় দেড়শ’ হাজার পাউন্ড কালেকশন করা হয়।
উল্লেখ্য, হাউন্সলো শহরে দেড় মিলিয়ন পাউন্ড দামে একটি চার্চ কিনে সেখানে হাউন্সলো মুসলিম সেন্টারটি প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই প্রায় এক মিলিয়ন ফান্ড ও কর্জে হাসানা সংগ্রহ করা হয়েছে। এখন বাকী প্রায় ৪শ’ হাজার পাউন্ড পরিশোধ করলে চার্চ ক্রয়সংক্রান্ত কাজ সমাপ্ত হবে বলে মুসলিম সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন।
সেন্টারটি প্রতিষ্ঠিত হলে এখানে মসজিদসহ মুসলিম অমুসলিম পুরুষ মহিলা শিশু কিশোর সবার জন্য অংশগ্রহণমুলক কার্যক্রম চালু থাকবে। এই প্রতিষ্ঠান কমিউনিটির সেবায় নিয়োজিত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইজেলওয়ার্থ দ্বীন সেন্টারের ইমাম শায়খ আবু সাঈদ আনসারী, চেয়ারম্যান আব্দুল মনাফ, ট্রাস্টি মুয়াজ্জাম উদ্দিন, মঈনুল ইসলাম, কমিউনিটি নেতা হোসইন সিকান্দার, ইমরান হামিদ, পর্তুগীজ বাংলাদেশী কমিউনিটি নেতা মোহাম্মদ শারাফাতুল ইসলাম (বাবুল) ও তৈমুর খান প্রমূখ।
এতে ওয়েষ্ট লন্ডন এলাকায় বসবাসরত মুসলিম কমিউনিটির বিশিষ্টজনেরা স্বপরিবারে অংশগ্রহণ করে মসজিদ প্রতিষ্ঠার কাজকে ত্বরান্বিত করতে এগিয়ে আসেন। অনুষ্ঠানে বিশিষ্ট নাশিদ আর্টিষ্ট এহসান তাহমিদ ইসলামী গান পরিবেশন করেন।
হাউন্সলো মুসলিম সেন্টারের ফান্ড রেইজিং: প্রায় দেড়শ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি লাভ
আল্লাহর ঘর মসজিদে মুক্তহস্তে দানের আহবান















