সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন: রিজভী

418

ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হতে পারে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার পুলিশি চাপ দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নৈঃশব্দের ভীতিকর পর্যায়ে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিবেকবর্জিত অমানবিক নিষ্ঠুরতায় বিরোধী দলের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

‘শান্তিপূর্ণ কর্মসূচিতেও পাইকারি গ্রেফতার ও প্রবল বন্যার স্রোতের মতো মিথ্যা মামলার অভিঘাতে মানুষের স্বাভাবিক জীবনযাপন দুঃস্বপ্নের মধ্যে কাটছে। আগামী নির্বাচন সরকারি দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে,’ বলেন রিজভী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বেপরোয়া হওয়ার জন্য ক্ষমতাসীন মন্ত্রী ও উপদেষ্টারা ক্রমাগত মদদ দিয়ে যাচ্ছেন। যেমন এইচটি ইমাম বলেছেন- যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। এই ‘যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্যই’ এইচটি ইমামরা গণতন্ত্রকে নির্বাসিত করেছে- গুম-খুন আর ক্রসফায়ারের মনুষ্যত্বহীন কর্মসূচির দ্বারা।

বিএনপির এ নেতার ভাষায় শোনা যাচ্ছে- সামনের দিনগুলোতে সরকার নিজ দলের ক্যাডারদের দিয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের ওপর এর দায় চাপাবে। ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের জালাও-পোড়াওয়ের নাশকতা করা হবে পরিকল্পিতভাবে। এ জন্য নাকি আওয়ামী ক্যাডারদের সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।