১৯৯৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে ব্রিটেনের নিট অভিবাসন…

29

সাইফ হাসান: মহামারির সময় বাদ দিলে যুক্তরাজ্যে নিট অভিবাসন ১৯৯৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে দেশটিতে নিট অভিবাসনের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৭৭ হাজারে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৬২ শতাংশ এবং ২০২৩ সালের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় ৯০ শতাংশেরও বেশি কমেছে। মূলত কেয়ার ওয়ার্কার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপের ফলেই এই বড় পরিবর্তন এসেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ দাবি করেছেন, বর্তমান সরকারের নীতিমালার কারণেই সীমান্তে নিয়ন্ত্রণ ফিরে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে ৭ লাখ ৩৮ হাজার মানুষ প্রবেশ করেছেন এবং দেশ ছেড়েছেন ৬ লাখ ৬১ হাজার মানুষ। এর আগে ২০১০ সালে ডেভিড ক্যামেরনের সরকার নিট অভিবাসন এক লাখের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিলেও এই প্রথম তা বাস্তবে রূপ নিল। দেশ ছাড়াদের বড় অংশই মূলত ২০২১ সালের পর কাজের বা পড়াশোনার ভিসায় যুক্তরাজ্যে আসা বিদেশি নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ৩৮ শতাংশ এবং স্বাস্থ্য ও কেয়ার খাতের দক্ষ কর্মীদের ভিসাও ৩৮ শতাংশ কমেছে। বিশেষ করে সোশ্যাল কেয়ার ভিসা বন্ধ করে দেওয়ায় এই খাতে অভিবাসীর সংখ্যা ১ লাখ ৮ হাজার থেকে কমে মাত্র ১ হাজার ৪০০ জনে নেমে এসেছে। কিয়ার স্টারমারের কঠোর ভিসা নীতি এবং শরণার্থীদের পরিবার আনার সুযোগ স্থগিত করার ফলেই এই পতন ঘটেছে।

এই সাফল্য নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, কনজারভেটিভ সরকার সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছিল, কিন্তু বর্তমান সরকার ব্রিটিশ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। অন্যদিকে অ্যান্ডি বার্নহ্যাম মন্তব্য করেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিই দেখতে চেয়েছিলেন। তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ দাবি করেছেন, ঋষি সুনাকের নেতৃত্বাধীন আগের কনজারভেটিভ সরকারের নেওয়া পদক্ষেপের কারণেই অভিবাসন কমেছে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির গবেষক বেন ব্রিন্ডল সতর্ক করে বলেছেন, দক্ষ কর্মীদের ভিসা কমে যাওয়ায় যুক্তরাজ্যের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে রাজস্ব ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে সরকারি তথ্যে আরও দেখা গেছে, হোটেলগুলোতে আশ্রয়প্রার্থীদের সংখ্যা ২০২২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে অনুপ্রবেশও আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ কমেছে।

#যুক্তরাজ্য #ব্রিটিশভিসা #অভিবাসন #লন্ডনসংবাদ #aknews #onebanglanews