ঢাকা সংবাদদাতা: বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে (৪৩) গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় রাজধানীর হাতিরঝিল থেকে তাকে আটক করা হয়। এ সময় ফুয়াদের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়।
ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গত ১৫ আগস্ট ফেসবুকে বঙ্গবন্ধুকে কটূক্তি এবং তার খুনিদের প্রশংসা করে একটি উস্কানিমূলক পোস্ট দিয়েছিলেন ফুয়াদ। এ ঘটনায় ধানমন্ডি থানার দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃত ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১০ সালে পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ জামান।















