লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক নিহত

1060

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে এক নৌ দুর্ঘটনায় চলতি মাসের প্রথম দিনে ২০ শিশুসহ শতাধিক নিহত হয়েছে। সাহায্য সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)’র বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সোমবার এক বিবৃতিতে এমএসএফ জানায়, ওই দুর্ঘটনায় শতাধিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ মাস বয়সী জমজ শিশুও রয়েছে। তবে তারা নিহিতদের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। দুর্ঘটনার পর সাগর থেকে জীবিত উদ্ধারকেৃতদের সংখ্যাও বলেনি সংস্থাটি।

এই সাহায্য সংস্থাটি ডক্টরর্স উইদাউট বর্ডার্স নামেও পরিচিত।

এমএসএফ বলছে, গত পহেলা সেপ্টেম্বর সকালে লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করেছিলো অভিবাসীদের বহনকারী দুটি নৌকা। এদের বেশিরভাগই ছিল সুদান, মালি, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়া ও মিশরের নাগরিক।

যাত্রা শুরুর কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হওয়ার কারণে একটি নৌকা থেমে যায়। তবে যাত্রা অব্যাহত রাখে অন্য নৌকাটি। পরে দুপুর ১টা নাগাদ চলন্ত নৌকাটি সাগরে ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রীকে বিধ্বস্ত নৌকার ভাঙাচোরা অংশ ধরে ভেসে থাকেন। পরদিন অর্থাৎ ২ সেপ্টেম্বর ভেসে থাকাদের উদ্ধার করে লিবিয়ার উপকূলীয় রক্ষীরা। ডুবে যাওয়া নৌকাটিতে ২০ শিশুসহ ১৮৫ জন যাত্রী ছিল। বেঁচে যাওয়া যাত্রীদের একজন জানান, নৌকার বেশিরভাগ যাত্রীই সাঁতার জানত না এবং তাদের অল্প কয়েকজনের কাছে লাইফ জ্যাকেট ছিল।

উন্নত জীবনের আশায় আফ্রিকা অঞ্চলের অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর লোকজন প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করে থাকে। তারা প্রথমে ইতালি আসে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।

নৌকায় করে বেপোরোয়াভাবে সাগর পাড়ি দেয়ার সময় অনেকের সলিল সমাধি ঘটে।

জাতিসংঘের হিসাব মতে, চলতি বছরের পহেলা জুলাই পর্যন্ত সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে কমপক্ষে ১ হাজার মানুষ। ২০১৭ সালে এ জাতীয় ঘটনায় নিহত বা নিখোঁজ হয়েছিলো তিন হাজারের বেশি মানুষ।

সূত্র: আল জাজিরা