আন্তর্জাতিক ডেস্ক: গণতন্ত্রপন্থী নেত্রীর অং সান সুচির দলের এক সাবেক এমপিকে ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের ওই এমপির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। আদালতে তা প্রমাণ হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। ৫২ বছরের উইন মিন্ট হ্লাইং আগে থেকেই অন্য এক অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নতুন করে কারাদণ্ড পাওয়ার পর এখন তার মোট দণ্ডের মেয়াদকাল দাঁড়িয়েছে ১৭৩ বছরে।
আল-জাজিরা জানিয়েছে, অং সান সুচির সরকার কিংবা তার দলের মধ্যে সবথেকে দীর্ঘকালীন কারাদণ্ড পাওয়ার ঘটনা এটাই। গত সোমবার আদালত এই মামলার রায় দেয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকেই ক্ষমতাচ্যুত সরকার ও এনএলডি সদস্যদের বন্দী করা হয়। নানা মেয়াদে তাদেরকে কারাদণ্ড দিয়ে যাচ্ছে দেশটির আদালত।
সোমবারের ওই রায় দিয়েছে ইয়াংগুন থেকে ৪৮০ কিলোমিটার উত্তরের জেলা মাগওয়ের আদালত। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মোট আট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।
গত মার্চ মাসে মিন্ট হ্লাইংকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তাকে এমন সব অভিযোগে দোষী করা হয় যখন তিনি জেলে বন্দী। জানা গেছে, কারাগারে তাকে শিকলে বন্দী করে রাখা হয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে রাজনৈতিক বন্দি অথবা সাজার বিষয়ে স্পষ্ট করে কিছু তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার।গত ফেব্রুয়ারিতে সু চির গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে জান্তা সরকার। এরপরই তাকে গৃহবন্দি করা হয়। তখন থেকেই জান্তার বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির মানুষ। এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।















