সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

662

ঢাকা সংবাদদাতা: সারাদেশে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ ও মুন্সীগঞ্জে ২ জন নিহত হয়েছেন। নিহতদের দুজনকে সন্দেহভাজন জঙ্গি ও একজনকে মাদক ব্যবসায়ী দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হোসেন বাবু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) জানিয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, প্রতিদিনের মতো র‌্যাবের আভিযানিক দল মাদকবিরোধী অভিযান ও মাদক উদ্ধারে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় ৪-৫ জন মাদক ব্যবসায়ী একটি আম বাগানে মাদক বেচাকেনা করছে। এ খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে পৌঁছে তাদেরকে চ্যালেঞ্জ করলে র‌্যাবকে লক্ষ্য করে মাদকবিক্রেতারা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ওই সময় ৩-৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। স্থানীয় লোকজনদের নিয়ে ওই বাগানে তল্লাশি চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় গোমস্তাপুুর থানায় মাদক ও অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চেকপোস্টে হামলার পর পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন ‘দুই জঙ্গি’ নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার জায়েদুল আলম জানান, চেকপোস্টে তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যায় নিহত দুজন জড়িত ছিল।