ঢাকা সংবাদদাতা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার সম্পন্ন করতে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগ এ গেজেট প্রকাশ করে।
এর প্রতিক্রিয়ায় বিএনপি বলছে, কারা অভ্যন্তরে বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রজ্ঞাপন জারি করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বকশিবাজার কারা অধিদপ্তরের মাঠ থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (বুধবার) থেকে কারাগারে তার মামলা পরিচালনা করা হবে। এটা সংবিধানের ৩৫(৩) ধারা বিরোধী।
সংবিধানের ৩৫ (৩) ধারা বলা আছে, ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হইবেন।
সংবিধানে ওই ধারার বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ ধারায় সুস্পষ্ট লেখা আছে এ ধরনের মামলা প্রকাশ্যে হতে হয়। এটা অত্যন্ত সেনসেটিভ ইস্যু। কিন্তু এটা না করে কারাগারে বিচার করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
ফখরুল বলেন, এটাকে আমরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। আমরা শিগগিরই রাজনৈতিক কর্মসূচি হাতে নেব।
বিএনপির জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।















