উয়েফা বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির

496

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। অথচ উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় তার নাম নেই। তিনি, লিওনেল মেসি!

উয়েফার তরফে বর্ষসেরা পুরস্কারের জন্য যে দশ জন ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, মোহম্মদ সালাহ, কেভিন ডি ব্রুইন, আতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ডের নাম রয়েছে। আশ্চর্যজনক ভাবে রয়েছে সার্জিয়ো র‌্যামোসের নামও। নেই শুধু মেসির নাম।

উয়েফা বর্ষসেরা ফুটবলারদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছে মেসি ভক্তরা। কেউ লিখেছেন, ‘ফুটবল মানে শুধু জয় বা গোল নয়। ফুটবলপ্রেমীরা মাঠে যান মেসির মতো শিল্পীর খেলা দেখতে। এই মুহূর্তে মেসির ধারেকাছে আসার মতো কেউ নেই।’

আরেক ভক্তের টুইট, ‘উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকলেও মেসিই শ্রেষ্ঠ।’

তবে উচ্ছ্বসিত মোহম্মদ সালাহের ভক্তেরা। ফুটবলারদের সংস্থার বিচারে বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন। বর্ষসেরা পুরস্কারের জন্য দশ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে। তালিকা থেকে সেরা তিন জনকে বেছে নেবেন জুরিরা। ৩০ অগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের আগে পুরস্কৃত করা হবে বর্ষসেরা ফুটবলারকে।