লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন

845

ওয়ানবাংলানিউজ: লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
দিবসের শুরুতে হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধ-নমিত করা হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কেনসিংটন টাউন হলে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের  হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন এর নেতৃত্বে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুব মহিলা আওয়ামী লীগ, লন্ডন আওয়ামী লীগ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ।
শোকাবহ এই দিনে ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী‘র বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লড মোহামেদ শেখ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক পর্যালোচনাপূর্বক ভূয়সী প্রসংশা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন পদ্মা সেতুর মত বৃহৎ একটি প্রকল্প বাংলাদেশে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
সুলতান মাহমুদ শরীফ, তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ এবং সততা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ কবিতা আবৃত্তি করেন।

আলোচনা সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি হাই কমিশনার মোঃ নাজমুল কাওনাইন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, তিনি বাঙালি জাতীয়তার একটি মহাকাব্য, একটি বিপ্লব, রাজনীতির কবি, স্বাধীনতার স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানলেই বাংলাদেশকে চেনা হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্নের জাল বুনেছিলেন তা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘‘সোনার বাংলা‘‘ গড়ে তুলতে তাঁর কর্মময় জীবন থেকে দীক্ষা নিয়ে ত্যাগ ও দেশ গড়ার মন্ত্রে দীপ্ত হয়ে প্রতিটি নাগরিককে স্বীয় অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনীর উপর একটি সচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন একটি স্মরণিকা প্রকাশ করে এবং উপস্থিত অতিথিদের মাঝে তা বিতরণ করা হয়।