উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতলেও হারিয়ে দেয়া হয়েছে

688

খেলাধুলা ডেস্ক: গায়ানায় মাত্র ৩ রানের জন্য উইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। ম্যাচটি জিতলে সিরিজ জয় নিশ্চিত হতো সাকিব-তামিমদের। কিন্তু আবারো তীরে এসে আবারো তরী ডুবেছে বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারে দায়ী করা হচ্ছে আইসিসির এক মনগড়া নিয়মকে।

গায়ানায় দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ৮ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু তা নিতে পারেননি ক্রিজে থাকা মোসাদ্দেক হোসেন ও মাশরাফি। সমালোচনার পাশাপাশি আলোচনায় এসেছে আইসিসির এক নিয়ম। যার উপর ভিত্তি করে মুশফিকুর রহিমের হাঁকানো একটি চার যোগ হয়নি বাংলাদেশের স্কোরে।

বাংলাদেশের ইনিংসের ৪২.৩ ওভারের দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করে মুশফিক। বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে সে সময় বোলার এলবিডব্লিউর আবেদন করেন আম্পায়ারের কাছে। আম্পায়ারও আঙুল তুলে দেন।

পরে রিভিও নিয়ে দেখা যায় মুশফিকের ব্যাট ছুঁয়েই মাঠ পার হয়েছে বলটি। পরবর্তীতে তার আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হলেও মুশফিক বা দলের রানের সঙ্গে যোগ হয়নি কোনো রান। সেই রানটি স্কোরকার্ডে উঠলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো টাইগাররা।

আইসিসির আইন অনুযায়ী এর ২৩ নং ধারার ১.৩.১ এ বলা হয়েছে, আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ‘ডেড’ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ওই ডেলিভারি থেকে ব্যাটসম্যান কোনো রান পাবেন না। আর এ নিয়মেই মুশফিক বাউন্ডারি হাঁকিয়েও পাননি রান।