শিক্ষা কর্মকর্তাকে নিজ সন্তানের বাবা দাবি করে শিক্ষিকার মামলা

620
অভিযুক্ত মুন্সি রুহুল আসলাম

ঢাকা সংবাদদাতা: এক শিক্ষা কর্মকর্তাকে ছেলের বাবা দাবি করে আদালতে মামলা করেছেন শিক্ষিকা। ওই শিক্ষা কর্মকর্তা হলেন মুন্সি রুহুল আসলাম। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বৃহস্পতিবার শিক্ষিকা গণমাধ্যমকে বলেন, তিনি ২০১০ সালে জেলার কাশিয়ানী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরি সূত্রে রুহুলের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১২ সালে কাবিনবিহীন বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করতে থাকেন তারা।

এর দুই বছর পর তিনি ছেলের মা হন জানিয়ে বলেন, এর সময় রুহুল বদলি হয়ে মুকসুদপুর উপজেলায় যান। সেখানে গিয়ে বিয়ে অস্বীকার করেন তিনি। আপসের চেষ্টা করায় এত দিন মামলা করেননি বলে জানান শিক্ষিকা।

গোপালগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পর ৩ জুলাই আদালত ডিএনএ টেস্টের নির্দেশ দেন।

এদিকে কয়েকজন শিক্ষক নাম না জানিয়ে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেন, রুহুল আসলামের সঙ্গে বহু নারীর অবৈধ সম্পর্ক রয়েছে।

তবে রুহুল আসলাম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, আমি সৎ ও চরিত্রবান। আমি কোনো দুর্নীতি ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত নই।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ পেয়ে তারা ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু করেছেন।