ঢাকা সংবাদদাতা: রাজধানীর বিমানবন্দর সড়কে বুধবার বিআরটিসের বাসের নিচে চাপা পড়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক-ও আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোল চক্করের কাছে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫)। তিনি এডিএন টেলিকম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
তিনি বুধবার সকালে রাইড শেয়ারিং কোম্পানির ওই মোটরসাইকেলে করে দক্ষিণখানের বাসা থেকে মহাখালীতে অফিসে যাচ্ছিলেন। পথে বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। তখন বাসটির একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক মিরাজুল ইসলামকে হাসপাতাল পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই মো. শরিফ হোসেন জানান, বিআরটিসির বাসচালক আজিজুল হক সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিকেও।















