নিউজ ডেস্ক: হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা জমে উঠছে। সহিংসতা ও দমন-পীড়নের ভয়ের পাশাপাশি ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতিতে এসবের প্রভাব নিয়ে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি-বিষয়ক পত্রিকা (জাপানের) নিক্কেই এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছেঃ সাম্প্রতিক সময়ে বিরোধী দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বারা আয়োজিত ধারাবাহিক সমাবেশগুলোর সমাপ্তি হয়েছে শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিশাল সমাবেশের মধ্য দিয়ে, যদিও সরকার এসব ঢাকা দিয়ে রাখতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল। রাজধানীতে বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে রাখার পাশাপাশি দলটির নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য রাস্তা অবরোধ করে রাখা হয়। এর তিন দিন আগে সমাবেশের জন্য দলটি প্রস্তুতি নেওয়ার সময় অন্তত একজন বিএনপি কর্মী নিহত হন এবং শত শত কর্মী গ্রেপ্তার হন। আটক হওয়াদের মধ্যে দলটির বেশ কয়েকজন নেতাও রয়েছেন।
বিএনপি ১০-দফা দাবির তালিকা পেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার নির্দলীয় প্রশাসনের পথ তৈরির জন্য পদত্যাগ না করা পর্যন্ত লড়াই করে যাওয়ার অঙ্গীকার করেছে দলটি। ২০২৪ সালের জানুয়ারিতে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, সরকার যে তার অবস্থান থেকে নড়বে, বিশেষজ্ঞ-পর্যবেক্ষকরা তা নিয়ে সন্দিহান। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে হতাশাগ্রস্ত।
২০১৮ সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করলেও (তাদের বিরুদ্ধে) সহিংসতার এবং ভোট কারচুপির অভিযোগ রয়েছে।















