ঢাবি প্রতিনিধি: গত দুইদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা আন্দোলনকারীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার চেয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’র ব্যানারে এক মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে আন্দোলনকারীরা ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই,’ ‘আন্দোলনের সাথে প্রহসন বন্ধ কর, যৌক্তিক সংস্কার কর,’ ইত্যাদি ফেস্টুন প্রদর্শন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার সঙ্কট দেখা দিয়েছে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের উচিত তাদের দায়িত্ব ছেড়ে দেয়া।
গত দুইদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তখন প্রশাসন চুপ ছিল। তারা কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে বিশ্বধর্ম ও সাংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া অনিমেষ বলেন, প্রশাসন নৈতিকভাবে যে জায়গায় আছে সেখানে থেকে চুপ করে থাকা তাদের অধিকার নেই।
তিনি বলেন, ‘প্রক্টর বলেছেন কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিব।’ অথচ এদিকে গতকাল ছাত্রলীগের হামলার পর অনেকেই গুরুতর আহত হয়েছেন। কাউকে গুম করা হয়েছে। কারা অভিযোগ করবে। এগুলো প্রশাসন দেখে না।
সালমান ফারসি নামের এক শিক্ষার্থী বলেন, গত ১০ বছরে ছাত্রলীগের কেউ আহত হয়নি। তারা অন্যদের মারধর করে আহত করছেন। এতে তাদের কোন বিচারও করে না প্রশাসন।
উম্মে হাবিবা বেনজির বলেন, গত দুইদিন ক্যাম্পাস খুলতে না খুলতেই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডকে আইয়ুব খানের এন এস এফকে ছড়িয়েছে বলে অভিযোগ করেন।
তিনি প্রক্টরের বক্তব্য উল্লেখ করে বলেন, প্রক্টর গত শনিবারের ঘটনায় বলেছেন ক্যাম্পাস ছুটি ছিল। তিনি কিছু জানতেন না। তাঁর কাছে কোন অভিযোগ করেনি। অথচ প্রক্টরের দায়িত্ব ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা। ক্যাম্পাস ছুটি কিনা এ কথা বলার কোন সুযোগ নেই। তিনি দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন।















