ভারতের আজমির শরীফে আইভী

849

ঢাকা সংবাদদাতা: ভারতের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি’র মাজারে চাদর চড়িয়ে ফাতেহা ও দোয়া করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি নিজ পরিবারসহ নারায়ণগঞ্জবাসীর জন্য দোয়া করেছেন। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আইভীর ছোট ভাই আহম্মদ আলী রেজা উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজমির শরীফের উদ্দেশে রওনা হন মেয়র আইভী। আইভী’র এই ব্যক্তিগত সফরে তার দুই ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজনরা রয়েছেন ।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নগরভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়লে আইভীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৩ জানুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন। এরপর দু’দিন বাড়িতে বিশ্রাম নিয়ে তিনি ২৬ জানুয়ারি ভারতের আজমীর শরীফের উদ্দেশে রওনা হন।