শুক্রবার (১৫ জুন) থেকেই দুর্গত এলাকায় কাজ শুরু করেছে সেনাবাহিনীর দুটি ইউনিট। শুক্রবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম বন্যাক্রান্ত এলাকা পর্যবেক্ষণ করেন। শনিবার দুপুর থেকে ৬০ সদস্যের আরেকটি দল শহর রক্ষা বাধ এবং বন্যার্তদের জন্য কাজ শুরু করবে।
রাজগনর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, উপজেলায় প্লাবিত এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি টিম। রাজনগর কলেজে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা প্রশাসনের সাথে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ মো. আব্দুল মতিন, সেনাবাহিনী প্রতিনিধি দলের সিইও কর্নেল শাহাব, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ, সিনিয়র মৎস্য অফিসার সুলতান মাহমুদ প্রমুখ।
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম বলেন, ‘বন্যার্তদের জন্য যে ত্রাণ সামগ্রী আছে তা সেনাবাহিনী চারটি ইউনিয়নে পৌঁছে দেবে। সেনাবাহিনীর এই প্রতিনিধি দলকে সহায়তা করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।’
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, তিনটি ইউনিটে কুলাউড়ার বন্যায় আক্রান্ত মানুষের সহায়তা করতে কাজ শুরু করবে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় দুযোর্গ ব্যবস্থাপনার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বন্যায় আক্রান্ত প্রতিটি এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টিম কুলাউড়ায় কাজ শুরু করবে ঈদের নামাজের পর। এই টিমকে সহায়তা করবে উপজেলা প্রশাসন।
প্রসঙ্গত, মনু নদের পানি দ্রুত বাড়ছে। ভেঙে গেছে গত ১১ বছরের রেকর্ড। শুক্রবার রাত ৯টায় চাঁদিনীঘাট পয়েন্টে মনু নদের পানি সকালের ১৩৫ সেন্টিমিটার বিপদসীমা থেকে বেড়ে ১৪৬ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আর ১ সেন্টিমিটার পানি বাড়লে শহর রক্ষা বাঁধ উপচে পানি ঢুকবে মৌলভীবাজার শহরে।















