ঢাকা সংবাদদাতা: ঈদুল ফিতরের উৎসবের সময়ও বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারী ক্র্যাকডাউন চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ঈদুল ফিতরের উৎসবের সময়ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারী ক্র্যাকডাউন চলছে। সরকার পতনের আগে মরণকামড় দিচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমি আবারও দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানাচ্ছি, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মু্ক্তি দিন, কালবিলম্ব না করে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা নিন।
এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির পক্ষে থেকে কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
কর্মসূচিগুলো হলো: ঈদের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে সকাল সাড়ে ১১টায় পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ করতে কারাগারে যাবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।















