মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হুওয়াই ফোন কোম্পানির শোরুম সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় দুষ্কৃতকারীদের ধরতে অর্ধলক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।
গত ৭ই জুন সকাল পৌনে ৮টার দিকে শহরের কলেজ রোডে অবস্থিত হুওয়াই মোবাইল ফোন কোম্পানির শোরুমসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও অপর ৪টিতে চোরেরা হানা দেয়। হুওয়াই শোরুম থেকে ৬১টি মোবাইল ও নগদ টাকাসহ ৮ লাখ ৮৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
স্টেশন রোডের একটি মার্কেটের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫৫ মিনিটে হালকা বৃষ্টি উপেক্ষা করে কয়েকজন যুবক একে একে মার্কেটের বারান্দায় দাঁড়ায়। এদের কারো হাতে শপিং ব্যাগ, কারো কাঁধে ট্রাভেল ব্যাগ, আবার কারো হাতে ছাতা। তারপর ভেতরে চলে যায়।
মার্কেটের সামনে একজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। একজন রাস্তার অপর প্রান্তে বাইসাইকেলের খুচরা যন্ত্রাংশের একটি দোকান খোলা থাকায় ঐ দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির দৃষ্টি ঘটনাস্থল থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিল। ব্যাগ কাঁধে একজন ভেতরে প্রবেশ করে কয়েক সেকেন্ডের মধ্যে একটি দোকানের তালা খুলে সঙ্গে সঙ্গে সরে যায়। বাকিরা দোকানের ভেতরে প্রবেশ করে চুরি সম্পন্ন করে। যাবার সময় সবক’টি তালা নিয়ে যায়। এর আগে নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। ফুটেজে দেখা যায় তালা খোলার সময় ২ জন দুইদিকে লুঙ্গি দিয়ে আড়াল করার চেষ্টা করেছে। মার্কেটে থাকা সিসি ক্যামেরার বিষয়ে তারা অবহিত থাকতে পারে। সেকেন্ডের মধ্যে তালা খোলার ফর্মুলা যেন কেউ না জানে সে জন্য তালা খোলার প্রক্রিয়াটি গোপন রাখতে চেষ্টা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এসিড জাতীয় পদার্থ দিয়ে দ্রুত সময়ের মধ্যে এই তালা খুলে ফেলে থাকতে পারে।
এর পরপরই দুষ্কৃতকারীরা একটি মেশিনারি দোকান, একটি ফার্মেসি, একটি কাপড়ের দোকান ও ২টি গার্মেন্ট দোকানে চুরির চেষ্টা করে। এর মধ্যে রয়েল মেশিনারিজ থেকে ৪৫ হাজার টাকা, আয়শা গার্মেন্টস থেকে ২০ হাজার ও পরেশ ম্যানশনের সেজুতি ফার্মেসি থেকে পাঁচ হাজার টাকা খোয়া যায়।
হুওয়াই শোরুমের মালিক শামীম মিয়া জানান, চোরেরা ৬১টি মোবাইল ও নগদ টাকাসহ ৮ লাখ ৮৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
হবিগঞ্জ রোডের পরেশ ম্যানশনের রয়েল মেশিনারিজের মালিক তাপস ঘোষ বলেন, তার দোকান থেকে ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন খোয়া গেছে। তিনি বলেন ‘সকালে এসে দোকানে নতুন দুটি তালা দেখতে পাই। আমার তালা দুটি নিয়ে তারা নতুন তালা মেরে গেছে’।
শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৯টার মধ্যে কলেজ রোড, স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে চুরির এসব ঘটনা ঘটে।
শনিবার ওসি কেএম নজরুলের ফেসবুক আইডি থেকে সন্দেহভাজন চোরদের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল-এর বরাত দিয়ে দুষ্কৃতকারীদের ধরতে সঠিক তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়েছে। ফেসবুক আইডিতে তথ্য প্রদানের জন্য ০১৭৬৯৬৯৩১৫৭ (এএসপি সার্কেল) ও ০১৭১৩৩৭৪৪৪০ (শ্রীমঙ্গল থানার ওসি) মোবাইল নম্বর দেয়া হয়েছে।
জানতে চাইলে এর সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বলেন, ৭-৮ জনের বহিরাগত একটি চক্র এই চুরির ঘটনায় জড়িত। সকালের বৃষ্টির সুযোগে মানুষের চলাচল ছিল সীমিত। চোরেরা তালা কেটে শোরুমের ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার সংযোগ কেটে ফেলে। তিনি বলেন, দুষ্কৃতকারীদের ধরতে সঠিক তথ্য প্রদানকারীকে পুলিশের পক্ষে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।















