সুনামগঞ্জে পুলিশ হত্যাকাণ্ডের মূলহোতা জামাল গ্রেপ্তার

622

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পৈতৃক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দে বড় ভাই ও তার পরিবারের লোকজনের হামলায় পুলিশ কনস্টেবল নিজাম হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহতের স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেছেন বলে জানান জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন।

এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নিজাম হত্যাকাণ্ডের মূল হোতা তার সহোদর বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ সুনামগঞ্জের দামোতরপী এলাকা থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টার দিকে নিজাম হত্যাকাণ্ডের মূলহোতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।