ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হল শাখার ছাত্রলীগ কর্মীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে অন্য হলের ছাত্রলীগ কর্মীরা। এসময় ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ আছে। তাকে মারধরে অন্তত ৯ জন ছাত্রলীগ কর্মী অংশ নেয়। পরে আহত অবস্থায় ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের (ভিসি চত্বর) কাছে এ ঘটনা ঘটে।
মারধরে আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র যুবায়ের। তিনি স্যার এফ রহমান হলের ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের অনুসারী।
যুবায়েরকে মারধরে অংশ নেয়া ছাত্রলীগ কর্মীরা হলেন- বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের সাদিক, সিফাত, পারভেজসহ অন্তত ৯ জন। তারা হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে যুবায়ের ও তার বন্ধুরা ভিসি চত্বরে বসে আড্ডা দিচ্ছিল। এ বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মীরা এসে যুবায়েরকে একা ডেকে কথা বলে। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন ছাত্রলীগ কর্মী যুবায়েরকে রড, লাঠি দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে। পরে যুবায়েরের বন্ধুরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানতে চাইলে ফকির আহমেদ রাসেল বলেন, তারা প্রথম বর্ষের শিক্ষার্থী। বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে। পরে দুই হলের প্রাধ্যক্ষের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।
আর মাহমুদুল হাসান তুষার বলেন, তারা সবাই বন্ধু। কিছুদিন আগে ট্যুরে গিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এ ঘটনার রেশ ধরেই যুবায়েরকে মারধর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি ঘটনার বিষয়টি দেখছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ইস্যুতে রাসেলের ছেলেরা একাত্তর হলের বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিভিন্ন অজুহাতে মারধর করে তাদের ল্যাপটপ, মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নিয়েছে। বর্তমানে হল ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা ৪র্থ বর্ষের কিছু নেতাকর্মী এর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।















